
সেদিন বৃষ্টি নামেনি। কিন্তু মেঘেদের আনাগোনা চলেছিল বহুক্ষণ। তাই কখনও নদীটা মেঘের ছায়ায় জিরোচ্ছিলো, তো কখনও রোদের সাথে খুনসুটি!
নদীটা ভাগ করেছে দুটো গ্রামকে। আমরা তাদের ভাগ করেছি দুটো জেলায়, দুটো রাজত্বে, দুরকম নিয়ম কানুনে আরও হাজারো মেকি আড়ম্বরে। কিন্তু তাতে ওদের বয়েই গেছে। ওদের কাছে নদীর শুধু এপার আর ওপার আছে। তাতেই ওদের দিন কাটে।
সকাল সাড়ে দশটা। হাট তখনও চলছে। খেয়াঘাটে নৌকো দাঁড়িয়ে, আর যাত্রীরা সব অপেক্ষায়। বটগাছের তলায় তখন কচিকাঁচাদের ভিড়। টায়ার দিয়ে দোলনা বানিয়ে তারা তখন খেলায় মত্ত! নৌকোগুলো একলা পরে থাকে।
মৃদু একখানা ঠান্ডা হাওয়া, শহরের সব দুঃখ ভোলায়। নদীর জলে তখন সেই হাওয়ার সহজ আস্ফালন। আমার একরাশ ছোটবেলা এভাবেই পরিপাটি করে সাজানো থাকে নদীর পারে…
বকশী ফেরী ঘাট, রূপনারায়ণ এর তীরে।
Redmi Nore 5 Pro | Snapseed